জবি প্রতিবেদক: উচ্চশিক্ষায় গুণগত মান বৃদ্ধি এবং এক্রেডিটেশন অর্জনের কৌশল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলো সেমিনার “Fostering HEQ Culture and Accreditation of Higher Education Program”।
সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারের আয়োজন করে Institutional Quality Assurance Cell (IQAC)।
সেমিনারে উচ্চশিক্ষায় HEQ (Higher Education Quality) কালচার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এক্রেডিটেশনের গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এক্রেডিটেশন একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হলে এক্রেডিটেশন অর্জন অপরিহার্য। এজন্য সকল বিভাগ ও দপ্তরের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। যে বিভাগ প্রথম এক্রেডিটেশন অর্জন করবে, সেটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এক্রেডিটেশন অর্জন নির্ভর করে নির্দিষ্ট মানদণ্ড ও প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যের ওপর। আজকের এই সেমিনার অংশগ্রহণকারীদের সেই মানদণ্ড সম্পর্কে বাস্তবভিত্তিক ও প্রাসঙ্গিক ধারণা দেবে।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক, অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, এক্রেডিটেশন অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মান ও স্বীকৃতি বাড়বে, যা ভবিষ্যৎ গবেষণা, ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ ও ক্যারিয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।