Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৫, ২০২৫ , ১২:৫২ পূর্বাহ্ণ

জবিতে নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নারী ছাত্রকল্যাণ পরিচালক চায় ছাত্রশিবির

লেখকঃ আজকালের কণ্ঠ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি হতাশা ও আত্মহত্যার মতো হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং সমস্যাগুলোর প্রতি প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে সংগঠনটি নারী সহকারী ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগের দাবি জানিয়েছে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্রকল্যাণ দপ্তরে পরামর্শের আশায় গেলেও সেখানে কোনো নারী শিক্ষক বা সহকারী পরিচালক না থাকায় অনেক সময় নারী শিক্ষার্থীরা সংকোচবোধ করেন এবং খোলামেলা আলোচনা করতে পারেন না।

এ প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে একজন নারী সহকারী ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ দিয়ে একটি সহানুভূতিশীল ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন পক্ষ থেকে।

জবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে হতাশাজনক খবর বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে নারী শিক্ষার্থীদের আত্মহননের মতো সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বড় ধরণের সতর্কবার্তা।”

তিনি আরও বলেন, “ছাত্রকল্যাণ দপ্তরটি মূলত শিক্ষার্থীদের পরামর্শ ও সমস্যার সমাধানের জায়গা। কিন্তু দুঃখজনকভাবে সেখানে এখনো কোনো নারী সহকারী পরিচালক নেই। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।”

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টার কমিটির আহ্বায়ক ড. ফারজানা আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই একজন নারী ও একজন পুরুষ ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা তাদেরকে শিক্ষার্থীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে বলেছি। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে।”

তবে নারী পরিচালক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এখানে নারী-পুরুষ নয়, দায়িত্বশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি দায়িত্বে থাকবেন, তাকেই সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছি, যেমন মসজিদে পানির ফিল্টার বসানো এবং ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বসার জায়গা নির্ধারণ করা। নারী সহকারী পরিচালক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন, সময় সাপেক্ষ হলেও আমরা পদক্ষেপ নিচ্ছি।”

প্রিন্ট করুন