ব্যুরো চীফ ময়মনসিংহঃময়মনসিংহ শহরের কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জয়নুল আবেদিন পার্কে গড়ে ওঠা ভাসমান অবৈধ দোকানপাট ও পরিত্যক্ত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
অভিযানে সেনাবাহিনীর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। পার্কের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নেওয়া এ পদক্ষেপে বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বেশ কিছু দোকানের আসবাবপত্র, চায়ের কেটলি, রিকশাভ্যানসহ জিনিসপত্র জব্দ করে সিটি কর্পোরেশন অফিসে নিয়ে যাওয়া হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তাদের কোনো পূর্ব সতর্কতা না দিয়েই ভাঙচুর চালানো হয়েছে, ফলে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পার্কের পরিবেশ সুন্দর ও নাগরিকদের জন্য নিরাপদ রাখতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
এই উদ্যোগটি নগর পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখা হলেও, মানবিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।