Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৫ , ১১:০৭ পূর্বাহ্ণ

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল ‘জানা’র ভিত্তিপ্রস্তর স্থাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চার তারকা মানের অভিজাত আবাসিক হোটেল ‘জানা’র ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিমে হোটেল সাগরকন্যা রিসোর্টের সামনে আনুষ্ঠানিকভাবে হোটেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন হোটেলটির অন্যান্য শেয়ারহোল্ডারসহ প্রায় ২ হাজার শেয়ার সদস্য।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, থানা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ‘দৈনিক আজকালের কণ্ঠ’র উপসম্পাদক মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান বলেন, “কুয়াকাটায় এই প্রথমবারের মতো আধুনিক সকল সুবিধা নিয়ে চার তারকা মানের হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হোটেলটিতে থাকবে ডাইনিং, রেস্টুরেন্ট, এটিএম বুথ, ছাঁদে সুইমিং পুল ও হেলিপ্যাডসহ পর্যটকদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা।”

তিনি আরও জানান, হোটেলটির জন্য ১২ হাজার শেয়ার নির্ধারণ করা হয়েছে, যার প্রতিটির মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। একজন আগ্রহী একাধিক শেয়ার কিনতে পারবেন। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। আগামী চার বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট করুন