বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো আয়োজন করা হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা।
প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই নতুন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এ বছরে ভিন্ন চিত্র দেখা গেছে । এবারের নতুন ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টারের মাঝামাঝি পৌঁছে গেলেও এখনো আয়োজন করা হয়নি নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল অরিয়েন্টেশন।
প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ নবীন শিক্ষার্থী ভর্তি হয়। প্রত্যেকের থেকে ভর্তির সময় অরিয়েন্টেশন বাবদ ২০০ টাকা করে নিলেও ৬ মাস অতিবাহিত হওয়ার পরও বাস্তবায়ন হয়নি ববি’র ১৩ ব্যাচের সেন্ট্রাল অরিয়েন্টেশন।
এ বিষয়ে ১৩ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “ প্রতিবছর নবীনদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ওরিয়েন্টেশনের আয়োজন করে থাকে
কিন্তু ক্লাস শুরু হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও ১৩ ব্যাচের নবীনবরণ এখনো অনুষ্ঠিত হয়নি। যদি নবীনবরণ অনুষ্ঠিত না হয় তাহলে নবীনবরণের নামে আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন “বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ভর্তি হওয়া শিক্ষার্থী হিসেবে আমরা এখনো কেন্দ্রীয়ভাবে কোনো ওরিয়েন্টেশন পাইনি, অথচ আমাদের দিতে হয়েছে ধার্যকৃত সকল ফি। বিষয়টির প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা, ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এর জবাবদিহিতা দাবি করছি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী চৈতি আক্তার বলেন, “ ভর্তির সময় আমাদের প্রত্যেকের কাছ থেকে সেন্ট্রাল ওরিয়েন্টেশনের নামে ২০০ টাকা করে নেয়া হয়েছে—প্রায় তিন লক্ষ টাকা। আজও কোনো ওরিয়েন্টেশন হয়নি, আদৌ হবে কিনা সেটাও অজানা। টাকা গায়েব, প্রোগ্রাম গায়েব—দায়িত্ব কে নেবে? আমরা এর সঠিক জবাবদিহীতা চাই।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিন আব্দুল্লাহ বলেন, “ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অরিয়েন্টেশন না হওয়া হতাশাজনক। এতে নবীন শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে। অরিয়েন্টেশন সময়মতো হলে শিক্ষার্থীরা সহজে মানিয়ে নিতে পারত। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা অরিয়েন্টেশন না হওয়ায় হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।