Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৫, ২০২৫ , ২:২২ অপরাহ্ণ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃদৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পত্রিকার কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা প্রতিনিধির উদ্যোগে বিভিন্ন সাংবাদিক সংগঠনের উপস্থিতিতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাহমুদুর রহমান দেশের সাহসী ও জনপ্রিয় সম্পাদকদের একজন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। আমরা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ ও এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমুখ।

বক্তারা আরও বলেন, “গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা নতুন কিছু নয়। মাহমুদুর রহমান বহুবার হামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে ছেন। সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে আমার দেশ পত্রিকার সম্পাদকের মুক্তির দাবী জানান।

প্রিন্ট করুন