জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কুশপুত্তলিকা দাহ করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রেজিস্ট্রারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি তোলেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, “গিয়াস উদ্দিন চায় কি, গোলামি আর দালালি”, “গোলামি না আজাদি, আজাদি আজাদি”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “এক দুই তিন চার, রেজিস্ট্রার তুই গদি ছাড়”, “কুয়েট শিক্ষা নে, গদি তুই ছাইড়া দে”—এমন নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, “রেজিস্ট্রার একজন সাম্রাজ্যবাদী মানসিকতার অধিকারী। আমরা আর কলোনিয়াল ধাঁচের প্রশাসন চাই না। যদি ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় প্রশাসনকেই নিতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আওয়ামী দোসর শিক্ষক-শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে সক্রিয়। ৫ আগস্টের ঘটনার পর আমরা ভেবেছিলাম তারা সরে যাবে। কিন্তু এখন আবার তারা সক্রিয় হয়ে উঠেছে। বর্তমান রেজিস্ট্রারও তাদেরই একজন। সময় থাকতে সাবধান হন, নইলে পরিণতি ভালো হবে না।”
ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি এ কে এম রাকিব বলেন, “বাংলাদেশ পিছিয়ে আছে কারণ প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অযোগ্যদের বসানো হয়েছে। একজন একাডেমিক ব্যক্তিকে রেজিস্ট্রারের মতো প্রশাসনিক পদে বসানোর যৌক্তিকতা কী—এ প্রশ্নের উত্তর চাই। যদি ক্ষমতাকে হাতিয়ার বানান, তবে ছাত্রসমাজ ইতিহাসের আশ্রয় নেবে।”
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।