নিজস্ব প্রতিবেদকঃ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন , ‘আপনার ঘরে যেমন ময়লা হলে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন, তেমনি রাষ্ট্রের ময়লা পরিস্কার করতে হয় মজলুমের রক্ত দিয়ে, তার জীবন দিয়ে, তার আত্মত্যাগ দিয়ে। শহীদ সাজিদ যেমন রক্ত দিয়ে জুলুমের দেয়াল ভেঙেছে, তেমন শত শহীদের রক্তে এই রাষ্ট্রের ময়লা দেয়াল ধুয়ে-মুছে পরিস্কার হয়েছে। “জুলুমের দেয়াল ভাঙে শহীদের রক্তেই”—এটাই ইতিহাসের কঠিন সত্য।
(২২ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগঠন ‘জাস্টিস ফর জুলাই’-এর আয়োজনে ‘বিচারহীনতার সংস্কৃতি ও আমাদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি ভারসাম্য, একটি ন্যায়ের প্রতীক। ইসলামে ইনসাফ বোঝাতে প্রতিক হিসেবে দাঁড়িপাল্লার ব্যবহার করা হয়। এটা কোনো কল্পনা নয়, এটি বাস্তবের ভারসাম্য।’
তিনি বলেন, ‘রাষ্ট্র যখন গোনাহে ডুবে যায়, তখন তার দেওয়ালে দেওয়ালে জুলুমের রক্ত লেগে থাকে। বছরের পর বছর ধরে এই রক্ত মুছে যায় না। বাংলাদেশেও এমন আয়নাঘর ছিল যেখানে মানুষকে অন্যায়ভাবে আটকে রাখা হতো। পাথরে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘জুলাই বিপ্লবের সময় আমরা যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম, তারা খুঁজেছি কারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তখন ফুয়াদ দারুণ প্রতিবাদী আওয়াজ তুলেছিলেন। সেই সময় থেকেই মানুষ বুঝতে শুরু করে—জন্মভূমি কতটা মূল্যবান।’
তিনি আরও বলেন, ‘আমরা আজ শহীদদের মধ্যেও রাজনীতি দেখি। কেন? তারা তো সবাই জাতির বীর! শহীদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি করা চলবে না। আজ যারা প্রতিবাদ করেছে, যারা লড়াই করেছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের করণীয়।’
আয়োজক সংগঠন ‘জাস্টিস ফর জুলাই’-এর পক্ষ থেকে জানানো হয়, তারা বিচারহীনতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করবে।