Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৫ , ৩:৪০ অপরাহ্ণ

চীনের অর্থায়নে বরিশালে বিশেষায়িত হাসপাতাল ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়কের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃচীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক বাস্তবায়নের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার সামনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে অংশ নেয় অন্তত ১০ থেকে ১২টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষ। বক্তারা বলেন, বর্তমান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি মাত্র দুই লেনের হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন হাজারো যাত্রী। এ রুটে যানজটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও বাড়ছে। ফলে পদ্মা সেতুর সুফল পুরোপুরি পাচ্ছে না দক্ষিণাঞ্চলের জনগণ।

বক্তারা আরও জানান, সরু ও ঝুঁকিপূর্ণ এ মহাসড়কে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে ব্যবসায়ীদের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। তাই দ্রুত ভাঙ্গা-কুয়াকাটা সড়কটিকে ৬ লেনে উন্নীত করার জোর দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে কয়েকটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। এ সুযোগে বরিশাল বিভাগে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে উপকৃত হবে সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ। কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে স্বাস্থ্যসেবা খাতেও উন্নয়ন অপরিহার্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা এবং কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

প্রিন্ট করুন