Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ

পরের আইপিএলেও খেলবেন ধোনি

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : বয়স চল্লিশ ছাড়িয়ে পঞ্চাশের দিকে ছুঁটছে। ছাড়ছি-ছাড়ব করে ক্রিকেটটা তবুও চালিয়ে নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্বে ফিরেছেন, ব্যাটিং অর্ডারেরও ওপরের দিকে উঠেছেন। তবে আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস নিচের দিকেই নামছে। প্লে অফের রাস্তা যখন ক্রমশ কঠিন হচ্ছে, তখন প্রশ্ন উঠছে—ধোনি ছাড়বেন কবে।

ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা অবশ্য আগের সিদ্ধান্তেই অটল। ধোনি মনে করেন, ক্রিকেট খেলার মতো ফিট তিনি। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর চেন্নাইয়ের অধিনায়ক দিয়েছেন থেকে যাওয়ার ইঙ্গিত। এবার যে তার দলের সুযোগ তলানিতে তা বুঝে গেছেন ধোনি, তাই আগেভাগেই পরের মৌসুমের ছক কষেছেন।

রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই ৯ উইকেটে হারে মুম্বাইয়ের কাছে। ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছিল চেন্নাই। রোহিত শর্মা ঝড়ে তা ৯ উইকেট হাতে রেখে টপকে যায় মুম্বাই। ধোনির দল এখন পয়েন্ট টেবিলের তলানিতে।

এমন অবস্থায় ধোনি শুনিয়েছেন পরের মৌসুমের কথা, ‘আমরা প্রয়োজনীয় রানের ধারেকাছেও যেতে পারিনি। অথচ জানতাম পরের দিকে শিশিরের জন্য বল করতে সমস্যা হবে। তবে বুমরাহ খুব ভালো করেছে। শেষের দিকে আরও ভালো ব্যাট করতে হত। যদিও আয়ুষ মাত্রে খুব ভালো ব্যাট করেছে। ওর শট নির্বাচন ভালো। আমরা ওকে খুব বেশি ব্যাট করতে দেখিনি। কিন্তু আমরা স্বাধীনতা দিয়েছিলাম।’

পরের মৌসুমে দল গোছানোর ইঙ্গিত দিয়ে ধোনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় ক্রিকেটটা খেলতে পারছি না। একটা একটা ম্যাচ দেখে এগোতে হবে। যদি আমরা এবার প্লে অফে না যেতে পারি, তবে টিম কম্বিনেশন কী হবে, সেটা এখন থেকেই ভাবতে হবে।’

প্রিন্ট করুন