Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২১, ২০২৫ , ১:১০ পূর্বাহ্ণ

দোতলা ভিসি ভবনে লিফট স্থাপন আবাসন সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় উঠতে লিফট স্থাপনের কাজ শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত উপাচার্য ভবনে এ লিফট স্থাপনের কার্যক্রম শুরু হয়।

তবে লিফট বসানোকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট তীব্র হলেও তা সমাধানের কোনো উদ্যোগ নেই। এর পরিবর্তে প্রশাসন ভিসি ভবনে লিফট বসানোর মতো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ও বিলাসী প্রকল্পে অর্থ ব্যয় করছে।

এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “পোলাপানের থাকার মতো হল নাই, খাওয়ার মতো ডাইনিং নাই। আর এদিকে আমাদের ভিসি ভবনের রাজার ছেলেদের দুই তলায় উঠার জন্য লিফট বানাচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে সিনিয়র সিটিজেন ও বিদেশি অতিথিরা আসেন। তাদের জন্য সিঁড়ি বেয়ে ওঠা কষ্টকর ও অনেক সময় অপ্রতুল মনে হয়। এছাড়া ভবনের সিঁড়িগুলোর ধাপ বড় হওয়ায় লিফট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

প্রিন্ট করুন