জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা ছাত্রদল ও শাখা ছাত্রশিবির।
গতশনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তথ্য সহায়তা এবং অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণের ব্যবস্থা, পানি বিতরণ, পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রদানসহ নানা ধরনের সহায়তা প্রদান করেন শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল সবসময় মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। কেন্দ্রীয় ছাত্রদল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।”
অন্যদিকে, জবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী। অনেকে অভিভাবক ছাড়া এসেছেন। তাদের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে নেওয়া নিষেধ থাকায় আমরা নিরাপদভাবে তা সংরক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং সার্বিক সহায়তায় আমাদের কর্মীরা নিয়োজিত আছেন।”
এই সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।