গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতশুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার অন্তর্গত পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নি*হত দুই শিশু হলো—আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বাতেন মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে টঙ্গীর রূপবানের টেক এলাকার ইমাম হোসেন জুয়েলের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় সন্তানটি ছিলেন নানা বাড়িতে। শুক্রবার দুপুরে শিশুদের মা সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মেঝেতে রক্তে ভেসে পড়ে আছে দুই সন্তানের নিথর দেহ।
পরিবারের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তাদের হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম*রদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। হত্যাকাণ্ডের কারণ জানতে নি*হত শিশু দুটির মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে চরম শোক ও আতঙ্কের ছায়া। স্থানীয় বাসিন্দারা এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।