ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী | Daily AjKaler Kontho

ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী

শাহাদাত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি : কোম্পানিগঞ্জ ও সোনাগাজী দুটি উপজেলার হাজারো মানুষ এখন দিশেহারা ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে । ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, ফসলি জমিসহ পাকা সড়ক পথ। ফলে, মানচিত্রে ছোট হয়ে আসছে দু’টি উপজেলা। মুছাপুর রেগুলেটর পানির তোড়ে ভেঙে যাওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

গত আগস্টে ভারতের ত্রিপুরা প্রদেশের বাঁধ কেটে দেয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ছোট ফেনী নদীর ওপরে নির্মিত মুছাপুর রেগুলেটর ভেঙে যায়। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপদেষ্টা স্বল্প ও দীর্ঘ মেয়াদি ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনগণকে আশ্বস্ত করলেও কার্যত কোনো পদক্ষেপ এখনো স্পষ্ট না হওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করছেন ভিটে মাটি হারিয়ে নিঃস্ব গ্রামবাসী।

ভাঙন ঠেকাতে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে কাঠের ও গাছের খুঁটি এবং বড় বড় বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করলেও খরস্রোতা জোয়ারের পানিতে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। চলতি মৌসুমে দ্রুততম সময়ের মধ্যে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর নির্মাণ করে পানি আটকারো না গেলে সোনাগাজী ও কোম্পানীগঞ্জের দুই উপজেলার হাজার হাজার একর ফসলি জমিসহ কৃষিনির্ভর জনপদ, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির অচিরেই হারিয়ে যাবে। সঙ্কুচিত হয়ে আসবে উপজেলার মানচিত্র।

সরজমিন দেখা যায়, সোনাগাজীর আউরারখিল, চরবতপুর, কুঠিরহাট কাটাখিলা, কালি মন্দির, আদর্শগ্রাম, কাজীর হাট সুইচগেট, জেলেপাড়া, আলমপুর, তেল্লারঘাট, ইতালি মার্কেট, ধনীপাড়া, সাহেবের ঘাট ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নদী উপকূলীয় গ্রামগুলোর মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

একাধিক পরিবারের বসতঘর বিলীন হয়ে গেছে। নতুন করে বসত ভিটে তৈরি করার মতো তাদের আর কোনো জায়গা জমি নেই।

জোয়ারের পানির তোড়ে ছোট ফেনী নদীর কাজিরহাট থেকে বাংলাবাজার পাকা সড়কের প্রায় ৫০০ মিটার নদীতে চলে গেছে। ফলে বাজারের উত্তরাংশের মানুষরা একমাত্র রাস্তাটি হারিয়ে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলার কৃষিনির্ভর ব্যবসায়ীরা।

বর্ষা মৌসুমে সময় ভারতের পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণ করা না হলে ছোট ফেনীর ভাঙন থেকে এ জনপদকে রক্ষা করা যাবে না।

স্থানীয় বাসিন্দারা বলেন,পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ভাঙন কবলিত এলাকায় সাময়িক জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙনরোধে দীর্ঘস্থায়ী ব্যবস্থার বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার।