Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৫ , ১২:০৭ অপরাহ্ণ

বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশের সামনে যে সমীকরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ৬ দলের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে—মেয়েদের ২০২৫ বিশ্বকাপের বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

গতকাল থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। সিদ্রা আমিনের ৮০ রানের ক্যামিও, ফাতিমা সানার দুর্দান্ত ফিফটির পর পাকিস্তানের বোলাররা সেরেছে বাকি কাজ। ফাতিমা-নাসরা সিন্দু-রামেন শামিমের তিনটি করে উইকেটে পাকিস্তান পেয়েছে টানা চার জয়। এক ম্যাচ বাকি রেখেই নিশ্চিত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার টিকিট।

বাকি এক টিকিটের পেছনে ছুটছে তিন দল। এই লড়াইয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। নিগার সুলতানা জ্যোতিরা চার ম্যাচের জিতেছে তিনটিতে। বাকি ম্যাচে জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলার যোগ্যতা। হারলেও সুযোগ থাকছে। নেট রান রেটের হিসেবে বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে।

তবে আগামীকাল সকাল ১০.৩০টায় পাকিস্তানের কাছে বড় হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে টাইগ্রেসরা। বাংলাদেশের অবশ্য সুযোগ আছে আরেকটি সমীকরণে। যদিও সেটি খুব কঠিন বটে!

৮ দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আছে ভারত। সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দলের একটি পাকিস্তান। অন্যটি কার হাতে উঠছে, তা জানা যাবে আগামীকাল।

 

প্রিন্ট করুন