Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৬, ২০২৫ , ১০:৩৫ অপরাহ্ণ

ধামরাইয়ে তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শ্রমিকদের

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: সাফায়েত খান ( ওপেল ) , ধামরাই : ঢাকার ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানায় তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কারখানায় কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

দাবিগুলো হলো- সিইও কোয়ালিটি এজিএম ও ডিরেক্টরের পদত্যাগ, বহিরাগতদের দিয়ে হয়রানি বন্ধ ও মালিকপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করা।

গত রবিবার উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় কারখানার ৭৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। এরপর মঙ্গলবার দিনভর ও বুধবার সকাল থেকে টানা কর্মবিরতি পালন করে কারখানার প্রায় ২৫০০ শ্রমিক।

শ্রমিকরা জানান, সম্প্রতি বিভিন্ন দাবিদাওয়া তোলার জেরে গত রবিবার ৭৫ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। গতকাল সোমবার কারখানা বন্ধের পর আজ মঙ্গলবার কারখানা খোলার পর ৩ দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তবে কর্তৃপক্ষ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলে। এ নিয়ে দিনভর আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এসময় শ্রমিকরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলতে চায়।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. চৌধুরী আলম শেখ বলেন, শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে বরখাস্ত করা হয়েছে। কারখানার নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রিন্ট করুন