কাজী ইমরানঃ নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বর্ষসেরা সৎকর্মশীল খাদ্যদ্রব্য ব্যবসায়ীদের সম্মাননা দেওয়া হয়েছে। লোহাগড়ায় প্রতিষ্ঠিত ‘ভালোর সাথে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তাঁদের সম্মাননা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটি সূত্রে জানা গেছে, সম্মাননাপ্রাপ্ত ওই ব্যবসায়ীরা হলেন লোহাগড়া বাজারের মুদি দোকানদার শাহীন স্টোরের মালিক এস. এম মাহাবুর রহমান মিজান, ফল ব্যবসায়ী মো. শফিকুর রহমান ও কাঁচা মরিচ ব্যবসায়ী মো. আল আমিন।
সম্প্রতি লোহাগড়ার কালনায় দৃষ্টিনন্দন মধুমতি সেতুর নিচেয় প্রাকৃতিক পরিবেশে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার সর্বজন গ্রহণযোগ্য শিক্ষকেরা, বণিক সমিতির নেতা ও ওই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই ব্যবসায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ‘ভালোর সাথে’ সংগঠনের প্রধান উদোক্তা ইউরোলজি ও সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আজিজুর রহমান মুয়াজ, অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষক মুরাদুজ্জামান, মুন্সী মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, কাজী কামরুল হুদা ও চিন্ময় ব্যনার্জি এবং লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কদর, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার বাপ্পী প্রমুখ।
সংগঠনের প্রধান উদোক্তা ডা. মো. আজিজুর রহমান মুয়াজ বলেন, বর্তমানে লোভের বশবর্তী হয়ে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিচ্ছে, মাপে কম দিচ্ছে ও অধিক মূল্য নিচ্ছে- এছাড়া নানা অসৎ কর্মকান্ডে জড়িত হচ্ছে। এতে ক্রেতারা স্বাস্থ্যগত সমস্যাসহ নানাভাবে ঠকছে। তাই ভালো মানের ব্যবসায়ীদের উৎসাহ দিতে ও অসৎ ব্যবসায়ীদের মানসিকতায় ধাক্কা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে আরও সৎ ব্যবসায়ী আছে। পর্যায়ক্রমে তাঁদেরও সম্মাননা জানানো হবে।
আজিজুর রহমান মুয়াজ জানান, ‘ভালোর সাথে’ সংগঠনটি ইতিমধ্যে রমজান বাজার, অসহায়দের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও চিকিৎসাসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেছে। এছাড়া প্রয়োজনীয় অক্সিজেন সেবা, বৃদ্ধদের জন্য বয়স্ক বিছানা, নেবুলাইজার মেশিনসহ চিকিৎসাসামগ্রী সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে বড় অপারেশনের ব্যবস্থাও লোহাগড়ায় করা হয়েছে।