গাজিপুর প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা উপত্যকায় নর-নারী, শিশুদের উপর দখলদার ইসরাইলিদের নৃসংশ হামলা ও হত্যাকান্ড বন্ধের দাবিতে গাজিপুরের কোনাবাড়িতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কোনাবাড়ি বাইমাইল এলাকায় জেনুইন রেসিডেন্সিয়াল স্কুল সামনে থেকে প্রতিষ্ঠানটির পরিচালক মাঈনুল ইসলাম টিপুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাংগাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের সামনে এসে শেষ হয় পরে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অপরদিকে কোনাবাড়ি এসরার হাউজিং এলাকায় মেট্রো স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেট্রো স্কুল এন্ড কলেজের সভাপতি মো.আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলাম জহিরসহ সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিল।
মানববন্ধনে জেনুইন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মাঈনুল ইসলাম টিপু বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় নর-নারী, শিশুদের উপর দখলদার ইসরাইলিদের নৃসংশ হামলা ও হত্যাকান্ড চালাচ্ছে সেখানে মানবতা লুন্ঠিত হচ্ছে। একজন বাংলাদেশী হিসেবে আমাদের উচিত ইসরাইলি সকল পণ্য বর্জন করা।
অপরদিকে প্রতিবাদ সভায় মেট্রো স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তারুজ্জামান বলেন, বিশ্ব মানবতা আজ হুমকির মুখে তার বাস্তব উদাহরণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নর-নারী, শিশুদের উপর দখলদার ইসরাইলিদের নৃসংশ হামলা ও হত্যাকান্ড।