কাজী ইমরান ,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি লোহাগড়া পৌর শহরের জয়পুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তা ইতিহাসে নজিরবিহীন। নারী-শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে সেটা মানবতাবিরোধী অপরাধ।” তাঁরা অবিলম্বে এই বর্বরতা বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো মিলু শরিফ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও. কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী হাফেজ মাও. ইমরান হুসাইন প্রমুখ।
এ সময় ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারকেও এই গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।