Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৭, ২০২৫ , ১:০২ পূর্বাহ্ণ

জাজিরায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাসির খান (শরীয়তপুর ) : শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষ হাতবোমা ফাটিয়ে সংঘর্ষের ঘটনায় জাজিরা থানা পুলিশ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে।

৬ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় দাস এ মামলা করেন।

এ ঘটনায় মামলার প্রধান আসামি বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁকে বরিশাল নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বিলাসপুর ইউনিয়ন থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, বিলাসপুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আর প্রধান আসামি বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

পুলিশ জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে। শনিবার সকালে ইউনিয়নের আহসানুল্লাহ মুন্সীকান্দি ও বিলাসপুর এলাকায় কথা কাটাকাটির জেরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, দুপক্ষের ১৬ জন আহত হন। এ ছাড়া দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রিন্ট করুন