আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩১০০ মার্কিন ডলারের ঘর অতিক্রম করেছে। এ প্রবণতা দেশের বাজারেও স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ইঙ্গিত দিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ মার্চ) বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর স্বর্ণের দাম ১৮ শতাংশের বেশি বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়ায়। বিশেষজ্ঞদের মতে, এটি হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে বাড়তি উদ্বেগের প্রতিফলন।
ওসিবিসির বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে, ভূ-রাজনৈতিক উদ্বেগ এবং শুল্কের অনিশ্চয়তার প্রেক্ষাপটে সোনার নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে আবেদন আরও শক্তিশালী হয়েছে। চলমান বৈশ্বিক বাণিজ্য সংঘাত এবং অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের ভবিষ্যৎ সম্পর্কে আমরা ইতিবাচক রয়েছি।