মোঃ রায়হানুল হক,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ২জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য সেবা। এ যেন হ য ব র ল অবস্থা।
সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে দেখা যায় যে, একটু জরুরী রোগী হলেই তারা পাঠিয়ে দিচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রায় ৩মাস ধরে সিজারসহ নানা ধরণের ছোট খাটো অপারেশন বন্ধ রয়েছে। প্রায় ২লাখ মানুষের চিকিৎসা সুবিধার অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যে ২জন ডাক্তার আছে ঈদের পর তাদের মধ্যে একজন বদলী জনিত কারণে অন্যত্র চলে যাবে এমনটাই বলছেন কর্তৃপক্ষ।
নির্ধারিত পদের বিপরীদে চিকিৎসক না থাকায় রাণীনগর বাসি কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ৩১ শয্যা থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্্রটি ৫০ শয্যার উন্নত করা হলেও জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবার মান ভেস্তে যেতে বসেছে। মেডিক্যাল অফিসারের ১৭ টি পদের মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। অফিস চলাকালিন সময়ে শুধু হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ৩’শ থেকে ৫শ’ রোগীর ভিড়ে চিকিৎসা প্রদান করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, রাণীনগর উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদ স্থাপিত হওয়ার পরেই ১৯৮৪ সালে পশ্চিম বালুভরা মৌজায় ৬.২৫ একর জমি সরকার অধিগ্রহণ করে প্রথমে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে। জনসংখ্যা বৃদ্ধির সাথে তাদের চিকিৎসা ব্যবস্থা সঠিক ভাবে প্রদান করার লক্ষ্যে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২০১২ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নত করার লক্ষ্যে ১৯ শয্যা বিশিষ্ট তিন তলা ভবন নির্মাণ করা হয়। প্রতিদিন বর্হি বিভাগে প্রায় ৩ শ’ থেকে ৫শ’ জন রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্য থেকে প্রায় ২০ জনের মত রোগী সুচিকিৎসার জন্য ভর্তি করাতে হয়। চিকিৎসক সংকটের কারণে বহিঃ বিভাগ এবং আন্তঃবিভাগে আশানূরুপ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান জানান, মেডিক্যাল অফিসারের ১৭ টি পদের মধ্যে ১৫ টি পদ শূন্য রয়েছে। চিকিৎসক সংকটের কারনে প্রায় ৩মাস ধরে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। অন্যান্য বিভাগেও নির্ধারিত পদের বিপরীদে জনবল সংকট রয়েছে। তারপরও রাণীনগর বাসির যথাযথ চিকিৎসা সেবা দিতে আমাদের পেশাদ্বারিত্বের কোন ঘাটতি নেই। প্রয়োজনীয় অসুবিধা গুলো সমাধানের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের যথাযথ সহযোগীতা পেলে রাণীনগরবাসি আরো মান সম্পন্ন স্বাস্থ্য সেবা পাবে।