নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ১:২১ অপরাহ্ন
নওগাঁয় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

নওগাঁ জেলা,প্রতিনিধি  : নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও সে সময় অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এজাহারনামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করা হয়।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।