Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২৫ , ৪:৩১ অপরাহ্ণ

নেত্রকোনায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর কারখানাকে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় চাঁদ বেকারী নামক একটি বেকারিতে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

অভিযানটির নেতৃত্বে ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান এবং পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, নেত্রকোণা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এবং নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে চাঁদ বেকারীর কর্ণধার মোঃ রব মিয়া (৪৮) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটিতে তৈরিকৃত ১২ বস্তা ( প্রায় ১২০ কেজি) সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করে দেয়া হয়।

তিনি আরও জানান, সেমাই তৈরির কোনো লাইসেন্স না নিয়েই এবং অস্বাস্থ্যকর পরিবেশে অপরাধী রব মিয়া আসন্ন ইদ উল ফিতর উপলক্ষে অবৈধভাবে বিভিন্ন লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করছিলো। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন