Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২১, ২০২৫ , ১০:৫৮ পূর্বাহ্ণ

গত এক সপ্তাহে ২৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে-বাংলাদেশ যৌথবাহিনী

লেখকঃ আজকালের কণ্ঠ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে ২৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা  নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপরাধীদের কাছ থেকে ৬টি অবৈধ অস্ত্র, ১০২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, অবৈধ বৈদেশিক মুদ্রা, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এ ছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক কারখানায় বেতন ও বোনাস সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ফলে সড়ক অবরোধসহ বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টি হয়, যা নিরসনে সেনাবাহিনীর সদস্যরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনাক্যাম্পে ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট করুন