Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৬, ২০২৫ , ৫:১৫ অপরাহ্ণ

জকসু নির্বাচনের তফসিল ১০ এপ্রিলের মধ্যে চায় গণতান্ত্রিক ছাত্র সংসদ

লেখকঃ আজকালের কণ্ঠ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

আজ রোববার (১৬ মার্চ) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী, সংগঠক মো. ফয়সাল মুরাদ এবং যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এক স্বাক্ষরিত স্মারকলিপিতে এই দাবি উত্থাপন করা হয়।

গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার নেতৃবৃন্দের স্বাক্ষরিত স্মারকলিপিতে তিনটি দাবি উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো:
১. আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে।
২. নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে।
৩. আগামী ১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করে। তবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও এখনও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি দীর্ঘদিন ধরে চললেও এখনও তা বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীরা আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে ।

প্রিন্ট করুন