কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: সোমবার, ১০ মার্চ,২০২৫। পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি করার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামের দুই যু্বককে আটক করেছে পুলিশ। রবিবার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিতে দেশীয় অস্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরদার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৭ থেকে ৮ টি বসতঘর রয়েছে। এসময় মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তখন পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।