ফের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সেই আমিনুল হাসানকে। এ সংক্রান্ত নথি অনুমোদনের জন্য ঊর্ধ্বতনদের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমিনুল হাসানকে ওএসডি করা হচ্ছে। এ সংক্রান্ত নথি ঊর্ধ্বতনদের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থাও নেওয়া হবে।’
গত ১৬ আগস্ট আমিনুল হাসানকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। জানা গেছে, নবায়নহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনাভাইরাসের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের করা চুক্তিকে অবৈধ উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. আমিনুল হাসানসহ উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক মো. শফিউর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক মামলা করার পর এই কর্মকর্তাকে আবারও ওএসডি করার কথা বলা হচ্ছে।
এর আগে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় প্রথমবার আমিনুলকে ওএসডি করা হয়েছিল। সেবার স্বাস্থ্যে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের (এমবিডিসি) উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া। আমিনুলকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এই পদ থেকেও তাকে ওএসডি করা হচ্ছে।