নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় একটি চাঁদাবাজির মামলায় ফজল হক (৪০) নামে এক কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরে রাতে তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ও ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সদস্য।
তার দলীয় পরিচয়টি নিশ্চিত করেছেন ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
ডিবি (পশ্চিম) ওসি আরমান আলী জানান, গোপন সংবাদে জেলা সদর থেকে ফজল হককে গ্রেফতার করে সোমবার রাতে পূর্বধলা থানায় প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ ফ্রেব্রুয়ারি উপজেলার পাটলী গ্রামের তরিকুল ইসলাম বাদী হয়ে ফজল হকের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত পূর্বধলা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।
পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ধলামূলগাঁও ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক পাটলী গ্রামের ডা. রতন মিয়া জানান, গ্রেফতার ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি জমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষকদল নেতা ফজল হককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
আজকালের কন্ঠ / জু /সুশীল আচার্য্য