রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের নগর বাজারে মানবতার সেবা সংগঠনের উদ্যোগে ন্যায্য (সুলভ) মূল্যে ইফতারী বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ (২রমজান) সরেজমিনে নগর বাজারের ইফতারী বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায় মানবতার সেবা ইফতারী কর্ণারে ন্যায্য (সুলভ) মূল্যে স্বাস্থ্যসম্মত ইফতারী বিক্রি হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায় এটি মানবতার সেবা নামক সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
এখানে মুড়ি, খেজুর, ছোলা বুট, বুন্দিয়া, জিলাপি, পেঁয়াজি, বেগুনি, নিমকি, ঝুরি ভাজা ইত্যাদি খাবার ন্যায্যমূল্যে অর্থাৎ অন্যান্য ইফতারী দোকানের তুলনায় প্রতি কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত কম দাম নেওয়া হচ্ছে । ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইফতারী কিনতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি দ্রব্যের দামের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নগর বাজার সংলগ্ন এনায়েতপুর সরদার পাড়া গ্রামের ২ নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেদারুল ইসলাম কে এব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান এটি অত্যন্ত মহতী উদ্যোগ। যারা এ উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। এরফলে এলাকার গরীব রোজাদাররা যেমন সুলভ মূল্যে ইফতারী পাচ্ছে তেমনি আবার স্বাস্থ্যসম্মত ইফতারী খেতে পারছে।
মানবতার সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম সাগরকে জিজ্ঞাসা করলে তিনি জানান আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যায্য তথা সুলভ মূল্যের পাশাপাশি ভোক্তারা যেন সতেজ এবং স্বাস্থ্যসম্মত ইফতারী কিনতে পারে।
এব্যাপারে মানবতার সেবা সংগঠনের সভাপতি মোঃ রায়হানুল হক রায়হান কে জিজ্ঞাসা করলে তিনি জানান মানবতার সেবা সংগঠন সৃষ্টির সূচনালগ্ন থেকেই সর্বদা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে আসছে।
রমজান মাস ঘিরে যেখানে সর্বত্র জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেখানে মানবতার সেবা সংগঠন সীমিত লাভে ইফতারী বিক্রির এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয় রোজাদাররা যাতে টাটকা এবং স্বাস্থ্যসম্মত ইফতারী খেতে পারেন সেদিকে আমাদের পুরো নজর রয়েছে।
তিনি আরও জানান মানবতার সেবা সংগঠনটি করোনা কালীন সময়ে থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজ সেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। ভবিষ্যতে যেন এমন কর্মকান্ড অব্যাহত রাখতে পারে সেজন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।