আজকালের কন্ঠ ডেস্ক : বইমেলার শেষ শিশুপ্রহর আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। দিন গড়ালেই শেষ হবে এবারের এই প্রাণের উৎসব। বইয়ের পাতা ওলটানোর শব্দ, শিশুদের প্রাণখোলা হাসি আর শেষ দিনের ব্যস্ততা মিলিয়ে মেলার প্রতিটি কোণেই বিরাজ করছে এক অন্যরকম অনুভূতি।
খুদে পাঠকের পাশাপাশি মেলায় হাজির খুদে লেখকরাও। অটোগ্রাফের পাতায় ফুটে ওঠে ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফে বন্দি হয় আনন্দের মুহূর্ত।
বইমেলা শুধু গল্পের খুদেপাঠকেই সীমাবদ্ধ নয়, সেখানে কখনো কখনো মায়ের ভাষায় ডানা মেলে লিপিবদ্ধ হয় কোন শিশুর চিন্তা, কল্পনার রাজ্য।
সেই বর্ণিল ভুবনে মাত্র আট বছর বয়সেই নিজের গল্পের জগৎ গড়ে তুলেছে আরিয়েত্তি। এবারের মেলায় তার কল্পনার এক অনন্য সৃষ্টি আরিয়েত্তির ছোট্ট ছোট্ট গল্প।
অন্যদিকে বইমেলার শেষ শিশুপ্রহর ঘিরে সকালেই উপস্থিত খুদে বইপোকারা। স্টলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বই হাতড়ে দেখতেই ব্যস্ততা তাদের । পছন্দের বই কিনে তবেই না ফিরতে হবে বাড়ি।
অভিভাবকরা বলছেন, বইমেলা শিশুদের জন্যে অমূল্য উপহার। বিদায়ের ক্ষণ ঘনিয়ে এলেও, আবেগের উষ্ণতা এখনও অনুভূত হচ্ছে ছোট থেকে বড় প্রতিটি লেখক পাঠকের মনে।