কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এইঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন। পরে দুইটার দিকে কালেকশন’র ২ লাখ ৮৬ হাজার টাকা ঘরের মধ্যে রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে।
এ সময় টাকার সাথে তার স্ত্রীর স্বর্ণের চেইন, গলার হার, হাতের রুলি, আংটিসহ প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। তার ধারণামতে ঘরের ভিতরে লোক আগে থেকে ওৎপেতে ছিল।তবে আইন-শৃঙ্খলার অবনতির কারণে মহাসড়কের পাশে এমন চুরি হতে পারে বলে তার ধারণা।
অপরদিকে একই রাতে সাংবাদিক জুয়েল ফরাজী বাসায় চুরির ঘটনা ঘটেছে । এ সময় বাসায় থাকা নগদ ১০ হাজার টাকাসহ গলার চেইন আংটিসহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রটি।
জুয়েল ফরাজী জানান, তার পরিবারের লোকজন বাসায় ছিল না। তিনিও ব্যবসায়িক কাজে কুয়াকাটা ছিলেন। সকালে তাকে প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় তার দরজা খোলা। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে এসে দেখে তার বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে আছে । বাসার ভিতরে রাখা টাকা স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা।
এ বিষয়ে মহিপুর থানার ওসি ( তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্র সনাক্তের চেষ্টা চলছে।