Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ৯:৪২ পূর্বাহ্ণ

দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজাকলের কন্ঠ ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি এলাকায় নভো থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে এই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত কিছুদিন ধরেই রাজধানীসহ সারাদেশে ছিনতাই ও ডাকাতি বেড়েছে। যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। তবে এই অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিজয় সরণি এলাকায় সাংবাদিকদের ব্রিফিং করে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্রিফিংয়ে আরও ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো সোসাইটি (সমাজ) বা কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন। ঢাকায় মোট ৬৫টি চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি গত দু–তিন দিন খারাপ হলেও আগে ভালো ছিল। অপরাধ যে কখনো ছিল না, বিষয়টি তা নয়। আগেও অপরাধ হতো তবে এতটা প্রচার হতো না। এখন ছিনতাইয়ের ঘটনা মানুষ প্রতিহত না করে ভিডিও করছে। তিনি সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

প্রিন্ট করুন