Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৪:৫৬ অপরাহ্ণ

জাতীয়করণ দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজাকলের কন্ঠ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে প্রেস ক্লাব থেকে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং একজন শিক্ষককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা।

সেখান থেকে দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের তোপের মুখে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।

গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধি দল আলোচনা জন্য সচিবালয়ে যায়।

পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার (২১ ও ২২ ফেব্রুয়ারি) প্রতীকী অনশনে বসবেন আর রোববার (২৩ ফেব্রুয়ারি) আবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

প্রিন্ট করুন