সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর জামিরা গ্রামের বাসিন্দা, দৈনিক ইত্তেফাকের সরিষাবাড়ী সংবাদদাতা, গীতিকার, নাট্যকার, সাবেক প্রধান শিক্ষক এ এস এম জুলফিকার রহমান গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল শুক্রবার বেলা সাড়ে টায় গ্রামের বাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে প্রথম জানাজা নামাজ ও বাদ জুম্মা পৌরসভার মন ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
তিনি ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন। তিনি দৈনিক আজকের কাগজের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি, মাই টিভির সরিষাবাড়ী উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরএনসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে কবিতা, গল্প, নাটক ও উপন্যাস লিখেছেন।
তার মৃত্যুতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জামালপুর জেলা প্রেসক্লাব,সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।