মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণ ও ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গত বুধবার (১২ ফেব্রুয়ারী ) বিকেলে মোংলা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, বাগেরহাট জেলা যুবদলের সদস্য ও সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, কাজী ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি জনগণের অভিভাবক হলেও তার আচরণ পক্ষপাতদুষ্ট।সাধারণ জনগণের ফোন না ধরা, পৌরসভার উন্নয়নমূলক ফাইল আটকে রাখা এবং ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে লিপ্ত থাকার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন।
তারা আরও দাবি করেন, ইউএনও আফিয়া শারমিন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের কোঠায় চাকরি পেয়েছেন।