জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : রাজারহাটে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মো: বেলাল হোসেন (৫২) বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে ২০ শতাংশ খাসজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একই ইস্যুতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে দুই গ্রুপ খাসজমি দখলের চেষ্টা করলে পুনরায় সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ছাড়া উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, প্রতি বছর এই খাসজমি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। এবারও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আব্দুল হাকিমের ভাতিজা ছিলেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তছলিম উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে।