মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা মামলায় আঃলীগ নেতা আটক | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা মামলায় আঃলীগ নেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা মামলায় আঃলীগ নেতা আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সুলতান আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেঁছরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন।

এ ঘটনায় আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়৷ পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

উল্লেখ্য: সুলতান আহম্মেদ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।