মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো: আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নম্বর ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো: আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মরহুম আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয় ও স্বজনরা জানায়, আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন।
প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলেন এবং রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করেন। পরে দোকান বন্ধ করে রাতে তিনি আর বাড়ি ফিরেননি। আজ সকালে আজিজ হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আজিজ হাওলাদারের বড় ভাই মো: আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে যারা হাত-পা বেঁধে হত্যা করেছে আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি করছি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।