Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৯, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর হত্যাকারীরা আজ গণতন্ত্রের কথা বলে!

লেখকঃ আজকালের কণ্ঠ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিয়া-এরশাদ-খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রশ্র‍য় দিয়েছে। তারা আজ গণতন্ত্রের কথা বলে। এর থেকে হাস্যকর আর কী হতে পারে? তারা জানে না বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না, বঙ্গবন্ধু একটি আদর্শ। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বলেই এত ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ টিকে আছে।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর রক্তে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ে তুলেছি। বঙ্গবন্ধুর রক্ত কখনও সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না। যারা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেছে, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, দেশে সাম্প্রদায়িকতার জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে পথ সে পথ অনুসরণ করব। তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি এ বাংলাদেশকে স্মার্ট এবং উন্নত দেশে পরিণত করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদপুষ্ট পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। পঁচাত্তরে ১৫ আগস্ট সেই সাম্রাজ্যবাদী শক্তিই বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছিল। বিএনপি-জামায়াতের মাধ্যমে সাম্রাজ্যবাদের দোসররা দেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। নানা সময়ে ষড়যন্ত্র করেছে, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফজলে আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

প্রিন্ট করুন