Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৫ , ৭:০১ অপরাহ্ণ

সৈয়দপুরে ৪ ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ২ টি ভাটার চুল্লি গুড়িয়ে দেয়াসহ কৃষি জমি থেকে মাটি না কাটার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১২ টায় পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

এতে নীলফামারী জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে জরিমানা প্রদানকারী ইটভাটাগুলো হলো উপজেলার খিয়ারজুম্মা এলাকার মো. জোবায়ের হাসানের মেসার্স আল মদিনা ব্রিকস এর ১ লাখ টাকা, মো. নুর আলমের মেসার্স এন এস বি ব্রিকস এর ৫০ হাজার টাকা, এবং কামারপুকুর এলাকার মো. এমদাদুল হকের মেসার্স সোনার বাংলা (জেড স্টার) ব্রিকস এর ১ লাখ টাকা ও মো. আহেদুল হকের মেসার্স এ স্টার বি ব্রিকস এর ৫০ হাজার টাকা।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান,
এই ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লংঘনের দায়ে জরিমানার শাস্তি দেয়া হয়েছে। মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, নীলফামারী পুলিশ বিভাগ এবং সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন