Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৫ , ৫:০৮ অপরাহ্ণ

বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ট্রাক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবু তাহের নামের একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

গত রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সারে ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ধানহাট এলাকায় এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া বন্দর ধানহাট ট্রাক স্ট্যান্ড উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সমর্থক উজ্জ্বলের দখলে ছিল। গত দুইদিন আগে এই স্ট্যান্ড দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমের সমর্থক আবু তাহের দখল নেয়।

গত রোববার ফের স্ট্যান্ড দখলের চেষ্টা চালায় অপরপক্ষের সমর্থকরা। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আলী আজমের অনুসারী আবু তাহের ও সোহরাব প্যাদা আহত হয়। আহত আবু তাহেরের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

আবু তাহের বলেন, আমরা ট্রাক স্ট্যান্ডে বসা ছিলাম। এ সময় গিয়াসের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
অভিযুক্ত গাজী গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি সারাদিন ধুলিয়া ইউনিয়নে ছিলাম, সন্ধ্যার পর কালাইয়া আসছি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন