আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : ডা. শফিকুর রহমান | Daily AjKaler Kontho

আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : ডা. শফিকুর রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : ডা. শফিকুর রহমান

রংপুর প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে, তারাই শুধু স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে, সেটি বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ৭০ সালে নিজেই বলেছেন— ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায়, আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি আরও বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন। পুলিশ পরপর কয়েকটি গুলি ছুড়ে তার বুকে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ. টি. এম. আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি, জেলা মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের আবুল হাসান বাদল।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।