রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদসহ সাতটি হলে কুরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানাতে বাংলাদেশ দাওয়াহ সার্কেল, রাবি শাখা সেমিনার ও কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচিতে ১ হাজারের বেশি কপি কুরআন বিতরণ করা হবে। রাবির শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ‘বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল- রাজশাহী বিশ্ববিদ্যালয়’ গ্রুপে দেওয়া গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রাবির বাইরের কেউ এতে অংশ নিতে পারবেন না। ইতোমধ্যে ৬০০-এর বেশি ব্যক্তি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ। এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ দাওয়াহ সার্কেল রাবি শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, “কুরআন পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে সবার মাঝে কুরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে চাই। তাই এই আয়োজন। এতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না, বরং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে মানবিক বার্তা দেওয়া হবে।”