পিরোজপুর প্রতিনিধি : “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি, প্রস্তুতি সভা ও অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে আসে।
রেলিতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংবাদিক, সুধীজন, বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।
রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা ও অবহিতকরন সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা লায়লা মিথুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আইসিটি কর্মকর্তা চন্দন রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আন্ত:স্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শূন্যতার প্রচার, মশোক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, শীতকালীন ক্রীড়া ফুটবল, কাবাডি টুর্নামেন্টসহ বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন।