নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : উন্নত পল্লী, উন্নত দেশ, সোনার বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) উপজেলার শ্রীরাম কাঠি ইউনিয়নের শ্রীরামকাঠী ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা( ইরেসপো) তন্ময় কান্তি মির্বর এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা সুযোগ্য পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া। আরো উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের শিক্ষকগণ সোনিয়া পারভীন, গোবিন্দ পরামানিক, পবিত্র কুমার মজুমদার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিবাহের কুফল ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক, দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন প্রকল্পের (ইরেসপো) আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্যবিবাহ, ইভটিজ প্রতিরোধসহ বয়:সন্ধিকাল সম্পর্কে সচেতনতা করা হয়।