নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই এলাকার সর্বস্তরের জনগণ। ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান কর্তৃক ইউপি সদস্য মেহেদী হাসান রুবেলকে প্রকাশ্যে লাঞ্ছিত এবং চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে শিয়ালকাঠি চৌরাস্তায় এ মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণে করে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, শাহিন হোসেন, মেহেদী হাসান রুবেল, সমাজসেবক গিয়াস উদ্দিন তালুকদার, মাইনুল ইসলাম চুন্নু তালুকদার, মোসলেম মোল্লা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ইউপি সদস্য মামুন হাওলাদার সহ দুটি হত্যা মামলার আসামি। তিনি আওয়ামী লীগ আমলে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এাস সৃষ্টি করে ইউপি নির্বাচনে অন্য কোন প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে দেননি। তিনি নির্বাচিত হওয়ার পর আইনের কোন তোয়াক্কা না করেই খেয়াল খুশিমতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। এ সময় বক্তারা আরো বলেন, ইউপি সদস্যদের কোন কথার ধার ধারেন না, কাউকে তিনি মূল্যায়ন না করে সবাইকে পাশ কাটিয়ে নিজের হুকুম বহাল রাখেন। অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়,প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি কোন অন্যায় বা অর্থ আত্মসাধের সাথে জড়িত নন। তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।