Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৫ , ৬:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম উদ্দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রাম মহানগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম উদ্দিনের নামে করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে প্রথম শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম উদ্দিন।শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে গাড়ি চলাচলে টোল আদায় শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান নগরীর পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নিশ্চিত হয়ে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর টোল নেওয়ার প্রস্তুতি নিয়েছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যদিও পরে তা স্থগিত করা হয় বলে জানান প্রকল্প পরিচালক।

তিনি আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করে গত বছরের ৩ নভেম্বর নতুন প্রস্তাব পাঠায় সিডিএ। ২৭ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টোলের হার চূড়ান্ত করে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং ট্রেইলার ওঠা-নামার সুযোগ রাখা হয়নি।

চূড়ান্ত হওয়া টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হবে ৩০ টাকা। কার জাতীয় গাড়িকে দিতে হবে ৮০ টাকা। জিপ ও মাইক্রোবাসের জন্য টোলের হার ১০০ টাকা। পিকআপ থেকে নেওয়া হবে ১৫০ টাকা। মিনিবাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা করে এবং বাস থেকে ২৮০ টাকা নেওয়া হবে। ট্রাকের (৬ চাকা) জন্য ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে টাকা দিতে হবে। নগরের পতেঙ্গা প্রান্তে টোল আদায় করা হবে। এখন সিডিএ টোল আদায় করবে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হবে।

প্রিন্ট করুন