
মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে জান্নাতুল ফেরদাউস (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
গত রোববার (২৯ডিসেম্বর) রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।জান্নাতুল ফেরদাউস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
নি-হতের মা পারভীন বেগম দাবি করেন, তার মেয়েকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। বিগত আড়াই বছর আগে ইসমাইলের সাথে তার মেয়ে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের সময় তাকে সাধ্যমত প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়, তারপরও যৌতুকের দাবিতে প্রায়ই তার মেয়েকে মারধর করে, পরিবারের লোকজন নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে। এরই প্রেক্ষিতে একপর্যায়ে তাকে হত্যা করে নিজের ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শিপন পাল জানান, তাকে মৃত্যুরত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে ইসমাইলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :