Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ

আত্রাইয়ে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাকের বেচাকেনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি) : উত্তর জনপদ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বেড়েই চলছে শীতের তীব্রতা। ফলে উপজেলার ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনাও।

বর্তমান বাজার পরিস্থিতির উর্ধগতির কারণে নিম্ন-মধ্যবিত্ত লোকজন খোলা আকাশের নিচের এই দোকানগুলো থেকে উষ্ণ কাপড় কিনে নিচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে বসেছে শীতের নতুন ও পুরোনো কাপড়ের পসরা। এছাড়া পাড়া-মহল্লার অলি-গলি, স্কুলের সামনে ভ্যানগাড়ির ওপরও শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা।

দোকানগুলোতে শিশুসহ বিভিন্ন বয়সের শীতের বিভিন্ন রকম পোশাক রয়েছে। এর মধ্যে গেঞ্জি, উলের পোশাক, কোট ও জ্যাকেট বেশি বিক্রি হয়। এছাড়া নারীদের জন্য নানা রকম পোশাক রয়েছে। সোয়েটার কিংবা জ্যাকেট সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। দামে সাশ্রয়ী হওয়ায় বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত উপচেপড়া ভিড় দেখা যায় ফুটপাতে।

সকাল থেকে রাত ১১টা পর্যন্ত পোশাকের দোকানগুলো খোলা থাকলেও বিকেল থেকে নারী, পুরুষ, শিশুসহ ক্রেতারা ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে।

বিক্রেতারা বলছেন, এসব দোকানের পোশাকের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় মার্কেটের দোকানের চেয়ে এখন বেশিরভাগ ক্রেতা ঝুঁকছেন ফুটপাতের দোকানে। তারা এখানে দেখে-শুনে কম দামে নতুন ও পুরোনো কাপড় কিনতে পারেন।

ভ্যানে ফেরি করে শীতের কাপড় বিক্রি করা কয়েকজন দোকানদার বলেন, এসব কাপড় আমরা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন রাস্তায় অলি-গলিতে বিক্রি করি। দাম কম হওয়ায় বেচাকেনা বেশি হচ্ছে। শীত যত বাড়বে এই কাপড়ের চাহিদাও তত বাড়তে থাকবে।

 

 

প্রিন্ট করুন